ফুটবল

লিওনেল মেসির বিদায় নিয়ে সতীর্থ পারেদেসের বড় ইঙ্গিত

বুয়েনস আইরেস, ২৫ জুলাই – বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে হারের ক্ষত এখনো কাটিয়ে উঠতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে শিরোপা হাতছাড়া হওয়ার পর থেকেই ফুটবল দুনিয়ায় একটিই আলোচনা, লিওনেল মেসি কি আর কখনও আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে মাঠে নামবেন?

এই নিয়ে ভক্তদের সংশয় আরও বাড়িয়ে দিয়েছেন মেসির দীর্ঘদিনের সতীর্থ ও মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার মনে হচ্ছে বিশ্বকাপের ওই ফাইনাল ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ফুটবলে মেসির শেষ উপস্থিতি।

কোপা সুদামেরিকানার প্লে অফ ম্যাচে বোকা জুনিয়র্সের জয়ের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পারেদেস। এ সময় তিনি বলেন, বিষয়টি অত্যন্ত বেদনার। পুরো টুর্নামেন্ট চলাকালে আমরা কখনও চাইনি এমন কোনো দিন আসুক। আমার ব্যক্তিগত ধারণা, জাতীয় দলের হয়ে সেটিই ছিল তার শেষ ম্যাচ।

হতে পারে তিনি আগেই এমন সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন। তবে পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি আরও বলেন, আমি মনেপ্রাণে চাই আমার ধারণা ভুল প্রমাণিত হোক। তিনি খেলা চালিয়ে গেলে আমরা সবাই খুশি হব। তবে চূড়ান্ত সিদ্ধান্তটি সম্পূর্ণ তার নিজের এবং আমরা চাই তিনি যাতে সুখে থাকেন।

পারেদেসের এই মন্তব্যে আর্জেন্টাইন ফুটবল মহলে তোলপাড় শুরু হয়েছে। কারণ এর আগে বেশ কিছু গণমাধ্যম জানিয়েছিল, মেসি এখনই অবসর নিচ্ছেন না বরং সমর্থকদের সামনে থেকে বিদায় নেওয়ার জন্য আরও কয়েকটি ম্যাচ খেলতে পারেন।

এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও দেশের মাটিতে একটি বিশেষ বিদায়ী ম্যাচ আয়োজনের চিন্তা করছে। অন্যদিকে নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ৩২ বছর বয়সী পারেদেস। বিশ্বকাপের ফাইনালের পর স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে বিতণ্ডার ঘটনায় ফিফার তদন্তের মুখে রয়েছেন তিনি।

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, এটি অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দলের অনেক খেলোয়াড়কেই হয়তো সামনের দিনগুলোতে কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬


Back to top button