জাতীয়

ধামরাইয়ে মহাসড়কে চার পরিবহনের সংঘর্ষ: দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা, ২৫ জুলাই – ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইসলামপুর এলাকায় একাধিক পরিবহনের ধারাবাহিক সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকালে মহাসড়কের মূল লেনে বিকল হয়ে পড়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে কেন্দ্র করে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইসলামপুর এলাকায় মহাসড়কের ওপর একটি বাস বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আসা একটি প্রাইভেটকার বাসটিকে দেখে হঠাৎ ব্রেক করলে এর পেছনে থাকা একটি কাভার্ডভ্যানও গতি কমিয়ে দেয়। কাভার্ডভ্যানটির পেছনে দুটি মোটরসাইকেল ছিল। ঠিক সেই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। নিহতদের একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে। অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় এলাকার আশুতোষ সাহার ছেলে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। নিহতরা সম্পর্কে একে অপরের ফুপাতো ও মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ধামরাই থানার উপ-পরিদর্শক তারেক জানান, ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিকল বাসটি রাস্তার ওপর থাকায় পেছনের গাড়িগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এবং এর ফলে এই দুর্ঘটনা ঘটে।

বর্তমানে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশি হেফাজতে রয়েছে এবং হাইওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছে।

এনএন/ ২৫ জুলাই ২০২৬


Back to top button