ফুটবল

চিলির ক্লাব কোলো কোলোতে যোগ দিচ্ছেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

সান্তিয়াগো, ২৫ জুলাই – উত্তর আমেরিকা বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা এবার দক্ষিণ আমেরিকার ফুটবলে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৩৯ বছর বয়সী এই তারকা গোলরক্ষক চিলির অন্যতম ঐতিহ্যবাহী ও শক্তিশালী ক্লাব কোলো কোলোতে যোগ দিচ্ছেন।

দলবদল বিষয়ক জনপ্রিয় ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা এই ফুটবলারের সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে চিলির ক্লাবটি।

কোলো কোলোর সভাপতি অনিবাল মোসা আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যম ওলেকে জানিয়েছেন যে তারা ভোজিনহার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছেন এবং এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণা আসা বাকি। মূলত ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেস টুর্নামেন্টে ভালো ফলাফল অর্জনের লক্ষ্যেই এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে নিচ্ছে ক্লাব কর্তৃপক্ষ।

বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং আর্জেন্টিনার বিপক্ষে অতিমানবীয় সব সেভ করে ব্যাপক পরিচিতি পান তিনি। টুর্নামেন্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ২৯ মিলিয়নে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিসহ বেশ কয়েকটি বড় দলের প্রস্তাব থাকলেও তিনি চিলির এই ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

কোলো কোলোতে তিনি কোচ হিসেবে পাচ্ছেন ফার্নান্দো এল তানো ওরতিজকে এবং সতীর্থ হিসেবে পাবেন কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদালকে।

এনএন/ ২৫ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language