জাতীয়

উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

ঢাকা, ২৪ জুলাই – উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত ১৬ জুলাই শুরু হওয়া ৯ দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবের আজই সমাপনী দিন। উল্টো রথযাত্রা উপলক্ষ্যে দেশের বিভিন্ন মন্দির ও ধর্মীয় সংগঠন নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

সকাল থেকেই মন্দিরগুলোতে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। রাজধানী ঢাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) বিকেলে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করেছে।

এই উৎসবের উদ্বোধনী পর্ব ঘিরে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলা প্রাঙ্গণে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আলোচনা সভা শেষে উল্টো রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

স্বামীবাগ আশ্রমের অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী মহারাজ এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন। এছাড়া রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারের জগন্নাথ জিউ ঠাকুর মন্দির, জয়কালী রোডের রামসীতা মন্দির এবং শাঁখারীবাজারসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে উল্টো রথ টানা হচ্ছে।

এস এম/ ২৪ জুলাই ২০২৬


Back to top button