ফুটবল

স্প্যানিশ তারকাকে ধাক্কা দেওয়ার ঘটনায় অনুতপ্ত আর্জেন্টিনার সহকারী কোচ আয়ালা

বুয়েনোস আইরেস, ২৩ জুলাই – স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার উত্তেজনাকর বিশ্বকাপ ফাইনাল শেষে অনাকাঙ্ক্ষিত হাতাহাতির ঘটনায় অনুতাপ প্রকাশ করেছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা।

ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে স্পেন। তবে রেফারির শেষ বাঁশি বাজার পর মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উভয় দলের খেলোয়াড়রা বিবাদে জড়িয়ে পড়লে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়।

ঘটনার সূত্রপাত হয় বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী স্প্যানিশ তারকা রদ্রির ওপর নাহুয়েল মোলিনার চড়াও হওয়াকে কেন্দ্র করে। এরপর মাঝমাঠে স্পেনের এরিক গার্সিয়া উদযাপন করার সময় লিয়েন্দ্রো পারেদেস তার গলা চেপে ধরেন। পরিস্থিতি সামলাতে প্রধান কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল এগিয়ে এলেও উত্তেজনা কমেনি। এই সময় বার্সেলোনা মিডফিল্ডার গাভিকেও ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস।

বিবাদের এক পর্যায়ে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা স্প্যানিশ মিডফিল্ডার দানি ওলমোর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং তাকে ধাক্কা দেন। এ ঘটনায় সংবাদমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হলে পরবর্তীতে ভ্যালেন্সিয়া ক্যাপিটাল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে আয়ালা নিজের ভুল স্বীকার করেন। তিনি বলেন যে ওই মুহূর্তে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা তার উচিত ছিল।

আয়ালা জানান যে ঘটনার সময় তিনি মূলত ফুটবলারদের বিবাদ থামাতে গিয়েছিলেন কিন্তু পরিস্থিতির উত্তাপ তাকে প্রভাবিত করেছিল। সাক্ষাৎকারে সাবেক এই ডিফেন্ডার আরও উল্লেখ করেন যে বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তিনি একে কেবল একটি ধাক্কা হিসেবে দাবি করে বলেন যে এটি কোনোভাবেই ঘুষি ছিল না। ভবিষ্যতে ওলমোর সঙ্গে দেখা হলে তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইবেন বলেও জানান।

ম্যাচ শেষে দানি ওলমো বিষয়টি নিয়ে খুব বেশি মন্তব্য না করলেও সহকারী কোচের এই আচরণ ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এনএন/ ২৩ জুলাই ২০২৬

Back to top button
🌐 Read in Your Language