ফুটবল

বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখলেন ডোনাল্ড ট্রাম্প, সাথে ছিলেন কিংবদন্তি রোনালদো

ওয়াশিংটন, ২০ জুলাই – আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার শ্বাসরুদ্ধকর লড়াই চলাকালে গ্যালারিতে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি বক্সে ফিফা বিশ্বকাপের সোনালি ট্রফি নিয়ে হাজির হন ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

সেখানে ম্যাচ চলাকালেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে ট্রফিটি প্রদর্শন করা হয় এবং তিনি সেটি ছুঁয়ে দেখেন। দিনের শুরুতে গলফ খেলা শেষ করে নির্ধারিত সময়েই স্টেডিয়ামে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট। তাকে বহনকারী বিশেষ হেলিকপ্টার মেরিন ওয়ান ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে স্টেডিয়ামের ওপর দিয়ে চক্কর দেয়।

এরপর তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বসে সরাসরি খেলা উপভোগ করেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই আসরের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে।

এর আগে ২০২৫ সালে দেশটিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও তিনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বড় কোনো ফুটবল আসরে ট্রফি হস্তান্তরের অভিজ্ঞতায় এটি তার জন্য নতুন এক মাত্রা যোগ করল।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button