জাতীয়

মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে ৯ সদস্যের কমিটি গঠন করল ডিএমটিসিএল

ঢাকা, ১৬ জুলাই – উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে মেট্রোরেলের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং টেকসই পরিচালনা নিশ্চিত করতে ৯ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। সূত্র অনুযায়ী, ২০২৫ সালের ২৬ অক্টোবর মেট্রোরেলে ঘটে যাওয়া একটি দুর্ঘটনার প্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি সেফটি অডিট কমিটি গঠন করা হয়েছিল।

উক্ত কমিটি নিবিড় তদন্ত ও পরিদর্শন শেষে এমআরটি লাইন ৬ এর অপারেশনাল ঝুঁকি, নিরাপত্তা অডিট এবং কাঠামোগত অখণ্ডতা বিষয়ক একটি বিস্তারিত প্রতিবেদন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মাধ্যমে আদালতে পেশ করে। আদালত ওই প্রতিবেদন পর্যালোচনা করে ডিএমটিসিএলকে মোট ২৮টি সুপারিশ বাস্তবায়নের নির্দেশ প্রদান করেছেন।

এই সুপারিশগুলোর মধ্যে আটটি স্বল্পমেয়াদি, দশটি মধ্যমেয়াদি এবং দশটি দীর্ঘমেয়াদি প্রকৃতির। এছাড়া চলমান ও ভবিষ্যতের সব এমআরটি প্রকল্পের জন্য আরও ছয়টি কৌশলগত সুপারিশ অনুসরণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এসব নির্দেশনা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নবগঠিত ৯ সদস্যের কমিটি কাজ করবে।

কমিটি সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সংশ্লিষ্ট কার্যক্রমের সমন্বয় ও সার্বিক অগ্রগতির নিয়মিত তদারকি নিশ্চিত করবে। একই সাথে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবং ডিএমটিসিএলের প্যানেল আইনজীবীর মাধ্যমে নিয়মিতভাবে উচ্চ আদালতে অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হবে।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিশেষজ্ঞদের সুপারিশ এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে মেট্রোরেলের পরিচালনা ব্যবস্থা আরও নিরাপদ ও আন্তর্জাতিক মানের হবে বলে তারা আশাবাদী।

এস এম/ ১৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language