উত্তর আমেরিকা

হরমুজ প্রণালিতে জাহাজের ওপর টোল আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৫ জুলাই – হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে বাণিজ্যিক এই জলপথে চলাচলকারী পণ্যবাহী বেসামরিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের যে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তা তিনি প্রত্যাহার করে নিয়েছেন।

গত মঙ্গলবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে ট্রাম্প যদি টোল আদায় করা থেকে বিরত থাকেন, তবে তারা নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ করবে। এই প্রতিশ্রুতির পরই তিনি তার পরিকল্পনা থেকে সরে এসেছেন।

এর আগে ১৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে হরমুজ প্রণালির সুরক্ষা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনী কাজ করছে এবং এতে যে ব্যয় হবে তা পূরণ করা হবে পণ্যবাহী জাহাজগুলো থেকে ২০ শতাংশ টোল সংগ্রহের মাধ্যমে। তবে এই ঘোষণা দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।

১৪ জুলাই ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন যে মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বৈঠকের পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর পরিবর্তে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বাণিজ্য আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিনিয়োগের সুনির্দিষ্ট পরিমাণ সম্পর্কে কোনো ইঙ্গিত না দিলেও ট্রাম্প উল্লেখ করেন যে এর ফলে যুক্তরাষ্ট্রেজুড়ে পণ্য প্রস্তুতকরণ, শিল্পোৎপাদন এবং কর্মসংস্থানে ঐতিহাসিক পরিবর্তন আসবে। তিনি মনে করেন এই বিনিয়োগের ফলে মার্কিন কারখানাগুলোর উৎপাদনে গতি আসবে এবং দেশজুড়ে লাখ লাখ উচ্চ বেতনের কর্মসংস্থান সৃষ্টি হবে।

টোল আদায় থেকে সরে এলেও হরমুজ ইস্যুতে কড়া অবস্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, হরমুজ এবং তার আশপাশে মার্কিন নৌবাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে। বিশ্বের অন্য সব দেশের জাহাজ চলাচল করতে পারলেও ইরানের কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না। এমনকি ইরানের কোনো জাহাজ বন্দর ছেড়ে বাইরে যেতে পারবে না এবং বর্তমানে বাইরে থাকা জাহাজগুলোও ইরানে প্রবেশ করতে পারবে না।

ইরানের ওপর সম্পূর্ণ নৌ অবরোধ পুনর্বহাল করা হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।

এনএন/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language