ফুটবল

মেসিদের জন্য আর্জেন্টিনা থেকে ৫০০ কেজি গরুর মাংস পাঠানো হলো যুক্তরাষ্ট্রে

বুয়েনস আইরেস, ১৫ জুলাই – চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা ফুটবল দল। টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়া এই দলটি এবার ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি এবার আলোচনায় এসেছে দলটির বিশেষ খাদ্য ব্যবস্থাপনা।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ফুটবলারদের পরিচিত খাদ্যাভ্যাস বজায় রাখতে আর্জেন্টিনা থেকে প্রায় ৫০০ কেজি গরুর মাংস যুক্তরাষ্ট্রের বেস ক্যাম্পে পাঠিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। লোমো, ভাসিও, এন্ত্রানিয়া, মাতামব্রে, পেসেতো এবং আসাদো দে তিরাসহ বিভিন্ন ধরনের বিফ বিশেষ প্রক্রিয়ায় এই চালানে অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কঠোর স্বাস্থ্যবিধি ও আমদানি সংক্রান্ত সব নিয়ম মেনেই এই মাংস আর্জেন্টিনা শিবিরের ক্যাম্পে পৌঁছানো হয়। দলের সাপোর্ট স্টাফদের মতে বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে সুষম খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ এবং ঘন ঘন ম্যাচের ধকল সামলে খেলোয়াড়দের দ্রুত শারীরিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ম্যাচের আগে ও পরে দলীয় বারবিকিউ আয়োজন আর্জেন্টিনা শিবিরের একটি নিয়মিত অংশে পরিণত হয়েছে।

খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বন্ধন দৃঢ় করা এবং চাপমুক্ত পরিবেশ বজায় রাখতেও এই আয়োজন ইতিবাচক ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। উল্লেখ্য যে এমন উদ্যোগ কেবল আর্জেন্টিনার ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। এর আগে নরওয়ে দলও নিজেদের খাদ্যসংস্কৃতি ঠিক রাখতে প্রায় ৫৮০ কেজি ট্রাউট মাছ এবং চিজসহ বিভিন্ন সামগ্রী সঙ্গে নিয়েছিল।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language