আসামে বন্যা পরিস্থিতির অবনতি: মৃত্যু বেড়ে ৪, পানিবন্দি ৩৭ হাজার মানুষ

দিসপুর, ১৫ জুলাই – ভারতের আসাম রাজ্যে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। বুধবার সোনিতপুর জেলা থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহত ব্যক্তি গত সোমবার থেকে নিখোঁজ ছিলেন।
আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বর্তমানে রাজ্যের ছয়টি জেলার ১২টি রাজস্ব সার্কেলে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। সোনিতপুর, ডিব্রুগড়, লখিমপুর, ধেমাজি, জোরহাট এবং শিবসাগর জেলার শতাধিক গ্রামের প্রায় ৩৭ হাজার মানুষ সরাসরি এই দুর্যোগের শিকার হয়েছেন।
এর মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থা লখিমপুর জেলায়। সেখানে ৫৮টি গ্রাম বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে। বন্যায় বিপুল সংখ্যক গবাদিপশু ও কৃষিজমিরও মারাত্মক ক্ষতি হয়েছে। অনেক কাঁচা ঘরবাড়ি ধসে যাওয়ায় বহু পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছেন।
দুর্গতদের জন্য প্রশাসন ২০টি ত্রাণশিবির খুলেছে এবং নিচু এলাকা থেকে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। সরকারি হিসাবে জানা গেছে, প্রায় ১ হাজার ১০৩ হেক্টর কৃষিজমি বর্তমানে পানির নিচে রয়েছে। এছাড়া পানির স্রোতে গবাদিপশু ভেসে যাওয়ার খবরও পাওয়া গেছে।
যদিও ব্রহ্মপুত্রসহ প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে, তবে প্রতিবেশী অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়লে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। প্রশাসন ইতোমধ্যে দুর্গত এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।
এস এম/ ১৫ জুলাই ২০২৬









