সুনামগঞ্জ

সুনামগঞ্জে বিপৎসীমার ওপরে নদীর পানি: চার পৌরসভার ছুটি বাতিল

সুনামগঞ্জ, ১৩ জুলাই – সুনামগঞ্জ জেলায় নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে সুরমা নদীর ছাতক পয়েন্ট এবং কুশিয়ারা নদীর মার্কুলি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। অন্যদিকে, কুশিয়ারা নদীর মার্কুলি পয়েন্টে পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।

আবহাওয়া পরিস্থিতির তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতের মেঘালয় রাজ্যের মাওকিরওয়াতে ১১৫ মিলিমিটার এবং বাংলাদেশের অভ্যন্তরে জামালপুরে সর্বোচ্চ ২০৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উজানের বৃষ্টিপাত ও দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বর্ষণের ফলে নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে।

জরুরি পরিস্থিতি সামাল দিতে সুনামগঞ্জের চারটি পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী জানান, সীমান্তবর্তী এই এলাকায় প্রবল বর্ষণে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং বিজিবির সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান জানান, ভারী বর্ষণে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সকল উপজেলায় শুকনো খাবারসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এনএন/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language