ফুটবল

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত: মুখোমুখি চার পরাশক্তি

ওয়াশিংটন, ১২ জুলাই – ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াই শেষে সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। শেষ আটের শেষ ম্যাচে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ দল হিসেবে সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে।

এর আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। এর ফলে ফিফা বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে, যা বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এই প্রথম। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ডের মতো দলগুলোকে।

শিরোপার দৌড়ে টিকে থাকা চার পরাশক্তি এখন ফাইনালে ওঠার লড়াইয়ে অবতীর্ণ হবে। আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই শক্তিশালী দল ফ্রান্স ও স্পেন। ডালাসের মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

পরদিন ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে আটলান্টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। সর্বশেষ কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনা ও ফ্রান্স সেমিফাইনালে খেলেছিল।

ইংল্যান্ড আট বছর পর আবারো শেষ চারের মঞ্চে ফিরেছে। এর আগে ২০১৮ সালের বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছিল। অন্যদিকে ২০১০ সালে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে লড়বে স্পেন।

এস এম/ ১২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language