সুনামগঞ্জ

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

সুনামগঞ্জ, ১০ জুলাই – টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, জেলার প্রধান নদীগুলোর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টায় সুনামগঞ্জ পয়েন্টে সুরমা নদীর পানি ৭ দশমিক ৩০ মিটার রেকর্ড করা হয়েছে। এই উচ্চতা মৌসুমি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে সুনামগঞ্জে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা বিপৎসীমার ৩২ সেন্টিমিটার নিচে অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে পানির উচ্চতা ২১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শক্তিয়ারখলা পয়েন্টে পানির উচ্চতা কিছুটা কমলেও লাউড়েরগড় এলাকায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এর আগে কয়েক দিনের টানা বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা ঢলের কারণে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, রক্তি ও বৌলাইসহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এতে নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. এমদাদুল হক জানান, নদ-নদীর পানির উচ্চতা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও উজানের ঢলের ওপর ভিত্তি করে আগামী দিনে নদীর পানির স্তরে পরিবর্তন আসতে পারে। তাই নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মিনহাজুর রহমান বলেন, সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলার ১১টি উপজেলায় ১ হাজার ৩১১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম এবং বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

এনএন/ ১০ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language