আইন-আদালত

ব্যারিস্টার আসিফের মৃত্যুর ঘটনায় আসামিদের জামিন দেননি হাইকোর্ট

ঢাকা, ১৪ অক্টোবর- সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের মৃত্যুর ঘটনায় দায়ের মামলায় নিহতের স্ত্রী সাবরিনা শাহীদসহ চার আসামিকে জামিন দেননি হাইকোর্ট।

বুধবার (১৪ অক্টোবর) আসামিরা বিচাপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে আগাম জামিন চাইলে আদালত নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ওজিউল্লাহ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ব্যারিস্টার আসিফ জিসাদের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী সাবরিনা শাহীদ নিশিতাসহ চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার অন্য আসামিরা হলেন-আসিফ ইমতিয়াজের শ্বশুর এ এস এম শহিদুল্লাহ মজুমদার, শাশুড়ি রাশেদা শহীদ ও শ্যালক সায়মান শহীদ নিশাত। আসিফের বাবা শহিদুল ইসলাম খান বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন।

আরও পড়ুন: ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা রোধে পুলিশের প্রতি হাইকোর্টের ৭ নির্দেশনা

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী কলাবাগান থানাকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) ভোরে ৯তলার বারান্দা থেকে পড়ে সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী ব্যারিস্টার আসিফ ইমতিয়াজ খান জিসাদের (৩৩) মৃত্যু হয়। কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি ভবনের নিচ থেকে ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আসিফের পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আসিফ সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় পার্টির সাবেক সাংসদ শহিদুল ইসলাম খানের ছেলে। কাঁঠালবাগান এলাকায় একটি ভবনের নবম তলায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। ওই ভবনের নিচ থেকে ঘটনার দিন ভোরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আসিফকে প্রথমে গ্রিন লাইফ হাসপাতাল, পরে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৪ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language