ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে মেসিকে নিয়ে ভাবছে না মিশর

আটলান্টা, ৬ জুলাই – আফ্রিকার ফুটবল পরাশক্তি মিশর চলতি বিশ্বকাপে নিজেদের জাত চেনাচ্ছে। গ্রুপ পর্বের গণ্ডি পেরিয়ে ফারাওরা এখন নকআউট পর্বেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। তবে তাদের পরবর্তী প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। র‍্যাঙ্কিংয়ে ২৯ নম্বর দল মিশরের তুলনায় শীর্ষে থাকা আর্জেন্টিনা এই ম্যাচে যোজন যোজন এগিয়ে থাকলেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত মিশরীয়রা।

দলের সহকারী কোচ ও প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী কণ্ঠে কথা বলেছেন। একটি মিশরীয় চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, লিওনেল মেসিকে নিয়ে বাড়তি কোনো চিন্তা নেই তাদের। তিনি খেলোয়াড়দের পরামর্শ দিয়েছেন প্রতিপক্ষের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের সহজাত ফুটবল খেলতে।

ইব্রাহিম হাসানের মতে, মেসিকে আটকানোর পরিকল্পনা নয় বরং জাতীয় দলের শক্তির জায়গাতেই তাদের মূল নজর।

আর্জেন্টিনা অধিনায়কের মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, আমরা মেসিকে নিয়ে ভাবছি না। আমরা প্রতিটি ম্যাচে লড়াই করার মানসিকতা নিয়েই মাঠে নামি। তাদের দলে একজন মেসি থাকতে পারে কিন্তু আমাদের দলে মোহাম্মদ সালাহ এবং আরও ২৬ জন মেসি আছে। আল্লাহর ওপর ভরসা রেখে তিনি একটি ভালো ফলাফলের আশা ব্যক্ত করেন।

চলতি আসরে মিশর দারুণ ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম জয়ের দেখা পাওয়ার পর তারা অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক সৃষ্টি করে।

দলের লক্ষ্য সম্পর্কে কোচ জানান, তারা কেবল অংশ নেওয়ার জন্য আসেননি বরং টুর্নামেন্টের শেষ পর্যন্ত লড়াই করতে চান।

বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে। এই আসরে ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড মেসি ৪ ম্যাচে ৭ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে রয়েছেন।

এনএন/ ৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language