বলিউড

বক্স অফিসে ‘আলফা’র ধীরগতি, আলিয়া ভাটের পাশে দাঁড়ালেন করণ জোহর

মুম্বাই, ৫ জুলাই – বলিউড অভিনেত্রী আলিয়া ভাট অভিনীত নতুন চলচ্চিত্র আলফা মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ ফলাফল করতে না পারায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছবিটির গল্প এবং অভিনেত্রীর উচ্চ পারিশ্রমিক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে।

এই পরিস্থিতিতে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন খ্যাতিমান প্রযোজক ও পরিচালক করণ জোহর। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন চলচ্চিত্র হিসেবে আলফা গত ৩ জুলাই মুক্তি পায়। এতে আলিয়ার সঙ্গে অভিনয় করেছেন শর্বরী ওয়াগ। তবে মুক্তির প্রথম দুই দিনে ছবিটির আয় আশাব্যঞ্জক নয় বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী প্রায় সাত হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও প্রথম দিনে ছবিটি মাত্র ৯ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে। দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ আরও কমে ৫ কোটি রুপিতে এসে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে যশরাজ স্পাই ইউনিভার্সের চলচ্চিত্রগুলোর মধ্যে আলফা সবচেয়ে কম উদ্বোধনী আয়ের তালিকায় নাম লিখিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার অন্যতম বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ছবির জন্য নেওয়া আলিয়ার ২৫ কোটি রুপি পারিশ্রমিক। ছবির প্রথম দিনের আয় তার পারিশ্রমিকের অর্ধেকেরও কম হওয়ায় সমালোচকরা প্রশ্ন তুলছেন।

এ অবস্থায় এক বার্তায় করণ জোহর বলেন যে বর্তমান সময়ে দর্শকদের প্রেক্ষাগৃহে নিয়ে আসাই বড় চ্যালেঞ্জ এবং সেই প্রেক্ষাপটে আলফা ভালো শুরু করেছে। তিনি আরও দাবি করেন যে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেয় না। আলিয়ার তারকাখ্যাতি এবং অভিনয় দক্ষতা দর্শকদের হলে টানার জন্য যথেষ্ট।

যশরাজ ফিল্মস সবসময় বড় পর্দার জন্য মানসম্মত সিনেমা তৈরি করে এবং দর্শকদের উচিত নেতিবাচক কথায় কান না দিয়ে সরাসরি সিনেমা হলে গিয়ে ছবিটি উপভোগ করা।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language