মধ্যপ্রাচ্য

ইরানের নেতার জানাজায় অংশ নিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন, ৪ জুলাই – ইরানের রাজধানী তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির দাফন ও জানাজা অনুষ্ঠানে বিভিন্ন দেশের অংশগ্রহণ ঠেকাতে যুক্তরাষ্ট্র ব্যাপক কূটনৈতিক চাপ প্রয়োগ করেছে বলে খবর পাওয়া গেছে। ইরানের সংবাদ সংস্থা এক জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা গত কয়েক দিন ধরে বিভিন্ন দেশের ওপর এই সমন্বিত চাপ সৃষ্টি করেন যাতে তারা তেহরানের অনুষ্ঠানে যোগ না দেয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে একটি গোপন নির্দেশনা পাঠান। সেখানে বলা হয়, ইরানের নেতার শেষকৃত্যে অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র একটি অবন্ধুসুলভ আচরণ হিসেবে গণ্য করবে।

এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও সতর্ক করা হয়। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগতভাবে অন্তত পাঁচটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছেন।

এ ছাড়া আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতরাও বিভিন্ন দেশের সরকারকে হুমকি দিয়ে বলেছেন যে, তেহরানের অনুষ্ঠানে যোগ দিলে মার্কিন উন্নয়ন সহায়তা কমিয়ে দেওয়া হতে পারে। মার্কিন চাপের মুখে উত্তর আফ্রিকার একটি দেশ তাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কমিয়ে দেয় এবং অন্তত ১৩টি দেশ তাদের পূর্বঘোষিত অংশগ্রহণের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায়।

এর মধ্যে পূর্ব ইউরোপের ৩টি, আফ্রিকার ৫টি, পারস্য উপসাগরীয় অঞ্চলের ২টি এবং পূর্ব এশিয়ার ২টি দেশ রয়েছে। চাপের মুখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা দেশগুলোর মধ্যে বেশ কয়েকটি দেশ মধ্যস্থতাকারী বা জেনেভা ও নিউইয়র্কের কূটনৈতিক মিশনের মাধ্যমে ইরানের কাছে তাদের অক্ষমতার কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছে। তবে কিছু দেশ শুধুমাত্র তাদের তেহরানস্থ কূটনীতিকদের পাঠানোর প্রস্তাব দিলেও ইরান তা গ্রহণ করেনি।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language