কেপ ভার্দের মুখোমুখি আর্জেন্টিনা, একাদশ সাজাতে ঘাম ঝরাচ্ছেন স্কালোনি

মিয়ামি, ৩ জুলাই – বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২ এর লড়াইয়ে আলবিসেলেস্তেরা মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দের। ম্যাচটি বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে সম্ভাব্য শুরুর একাদশ চূড়ান্ত করতে কাজ করছেন কোচ লিওনেল স্কালোনি। তবে বেশ কয়েকটি পজিশন নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন আর্জেন্টাইন এই মাস্টারমাইন্ড।
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাধিক পরিবর্তন এনেছিলেন স্কালোনি। সেই ম্যাচে মূল একাদশের কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে বদলি ফুটবলারদের পরখ করে নেন তিনি। তবে নকআউট পর্বের এই বাঁচা মরার লড়াইয়ে আবারও নিয়মিত একাদশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
ধারণা করা হচ্ছে যে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে সেটআপে দল খেলেছিল কেপ ভার্দের বিপক্ষেও তার প্রতিফলন দেখা যাবে। বর্তমানে রক্ষণের বাম দিক বা লেফট ব্যাক পজিশন নিয়ে কিছুটা দ্বিধায় আছেন কোচ।
চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরেছেন নিয়মিত সদস্য নিকোলাস তালিয়াফিকো। তার জায়গায় গ্রুপ পর্বের ম্যাচে ফাকুন্দো মেদিনা দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন। মেদিনা মূলত সেন্টার ব্যাক হলেও বাম প্রান্তে আস্থার প্রতিদান দিয়েছেন। তবে বড় ম্যাচে তালিয়াফিকোর দীর্ঘ অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিতে পারেন স্কালোনি। সেন্টার ব্যাক পজিশনেও রয়েছে চোটের দুশ্চিন্তা।
ক্রিশ্চিয়ান রোমেরোর ডান হাঁটুর ইনজুরি নিয়ে এখনও চূড়ান্ত আপডেট পাওয়া যায়নি। রোমেরো যদি শতভাগ ফিট না হতে পারেন তবে লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গী হিসেবে নিকোলাস ওতামেন্দিকে একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
সবচেয়ে আলোচিত প্রতিযোগিতা চলছে আক্রমণভাগে সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে। জর্ডানের বিপক্ষে গোল করে নিজের আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে হুলিয়ান আলভারেজও নিজের জায়গার জন্য শক্ত দাবিদার।
কেপ ভার্দের বিপক্ষে লিওনেল মেসি একাদশে ফিরছেন নিশ্চিতভাবেই। ফলে কোচ গত ম্যাচের দুই স্ট্রাইকার কৌশলে না গিয়ে একক স্ট্রাইকার পদ্ধতিতেই ফেরার ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে আলভারেজ নাকি মার্তিনেজ কে সুযোগ পাবেন তা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
মাঝমাঠে রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা নিজেদের জায়গা ধরে রাখছেন বলে প্রায় নিশ্চিত। রক্ষণের ডান প্রান্তে যথারীতি দেখা যাবে নাহুয়েল মলিনাকে। গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ।
এনএন/ ৩ জুলাই ২০২৬









