ইরানে খামেনির শেষকৃত্যকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: তেহরানে ৩ দিনের ছুটি

তেহরান, ৩ জুলাই – ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানী তেহরানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুক্রবার ভোর থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এবং সেনাবাহিনীর বিশেষ টহল জোরদার করা হয়েছে।
নিরাপত্তার পাশাপাশি বিশাল জনসমাগমের বিষয়টি বিবেচনা করে শনিবার থেকে সোমবার পর্যন্ত তেহরানের সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে শহরের কেন্দ্রস্থলে ব্যক্তিগত যান চলাচলেও কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
জানাজাকে কেন্দ্র করে শুক্রবার তেহরানের আকাশপথ আংশিক এবং সোমবার পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরানের ইতিহাসে এই জানাজাকে সবচেয়ে বড় আয়োজন হিসেবে অভিহিত করা হচ্ছে। আয়োজকদের ধারণা অনুযায়ী প্রায় ২ কোটি মানুষ এই শেষকৃত্যে অংশগ্রহণ করতে পারেন।
টানা ৩৬ বছর ক্ষমতায় থাকা এই নেতার মরদেহ ইতিমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নিয়ে আসা হয়েছে। বিদেশি সামরিক হামলার প্রতিবাদে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ছয় দিনব্যাপী এই শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তেহরানের আনুষ্ঠানিকতা শেষে কওম এবং মাশহাদ শহরেও তার মরদেহ নিয়ে যাওয়া হবে এবং সবশেষে তার জন্মস্থান মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় খামেনি নিহত হন।
সেই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাও প্রাণ হারান। বর্তমানে জানাজাকে কেন্দ্র করে তেহরান কওম এবং মাশহাদ শহরে সরকারি ছুটি চলছে।
এস এম/ ৩ জুলাই ২০২৬









