হরমুজ প্রণালি ইস্যুতে ইরানকে কড়া বার্তা দিল যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৩ জুলাই – কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত পরোক্ষ বৈঠকের পর ইরানকে কড়া বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে যে হরমুজ প্রণালির বর্তমান অবস্থায় কোনো ধরনের পরিবর্তন ওয়াশিংটন মেনে নেবে না।
যুক্তরাষ্ট্র ইরানকে সাফ জানিয়ে দিয়েছে যে এই প্রণালিতে কোনো পরিবর্তন মানেই বিদ্যমান চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। ওয়াশিংটনের মতে হরমুজ প্রণালিতে ইরানের আচরণের মাধ্যমেই চুক্তির প্রতি তাদের আন্তরিকতার প্রথম পরীক্ষা নেওয়া হবে। এই গুরুত্বপূর্ণ নৌপথে যুক্তরাষ্ট্র বর্তমানে তীক্ষ্ণ নজরদারি চালাচ্ছে।
ইরানকে আরও জানানো হয়েছে যে সমঝোতা স্মারকটি পুরোপুরি মেনে চললেই কেবল তাদের আটকে থাকা তহবিল ছাড়ের বিষয়টি বিবেচনা করা হবে। এদিকে বৃহস্পতিবার ইরানের পক্ষ থেকেও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে যে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের হস্তক্ষেপের দ্রুত ও চরম জবাব দেওয়া হবে।
ইরানের দাবি অনুযায়ী ওই জলপথে যুক্তরাষ্ট্রের বিমানের উপস্থিতি পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য এক বড় হুমকি। ইরানের সামরিক বাহিনী স্পষ্ট করে দিয়েছে যে সব তেলবাহী ও বাণিজ্যিক জাহাজকে তেহরান নির্ধারিত নিরাপদ পথেই চলাচল করতে হবে।
যদি কোনো জাহাজ পথ পরিবর্তন করে বা নিয়ম লঙ্ঘন করে তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে আলোচনা অব্যাহত রয়েছে। মধ্যস্থতাকারীরা জানিয়েছেন যে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর আগামী ১৮ জুলাই পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে হরমুজ প্রণালি পুনরায় সচল করা এবং শত্রুতা কমিয়ে আনার লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির মতো বড় বিষয়গুলো নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেনি।
এস এম/ ৩ জুলাই ২০২৬









