উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট হিসেবে নতুন রেকর্ড ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন, ২ জুলাই – যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট হিসেবে নতুন রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ২০২৫ সালের আর্থিক বিবরণ অনুযায়ী, গত এক বছরে তার আয়ের একটি বড় অংশ এসেছে ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সি ব্যবসা থেকে।

এ ছাড়া গলফ ক্লাব, অবকাশকেন্দ্র, হোটেল এবং আন্তর্জাতিক লাইসেন্সিং ব্যবসা থেকেও তিনি বিপুল পরিমাণ অর্থ আয় করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে দেখা গেছে, সরকারি নৈতিকতা দপ্তরে জমা দেওয়া ট্রাম্পের আর্থিক বিবৃতিতে ডিজিটাল মুদ্রাসংক্রান্ত ব্যবসা থেকে এক হাজার ৪০০ কোটি ডলারের বেশি আয়ের তথ্য উল্লেখ রয়েছে।

এর মধ্যে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকেই এসেছে প্রায় ৮০০ কোটি ডলার। পাশাপাশি নিজের নামে চালু হওয়া ডিজিটাল মুদ্রা থেকেও কয়েক শ কোটি ডলার আয় করেছেন তিনি। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ট্রাম্পের প্রচলিত ব্যবসাগুলোও সমানভাবে লাভজনক রয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অবস্থিত তার গলফ ক্লাব, হোটেল ও বাণিজ্যিক স্থাপনা থেকে গত বছর ৫০০ কোটি ডলারের বেশি আয় হয়েছে। বিশেষ করে ফ্লোরিডার মার-আ-লাগো ক্লাব থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ এসেছে। এছাড়া মধ্যপ্রাচ্য, এশিয়া ও ইউরোপের বিভিন্ন প্রকল্পে নিজের প্রতিষ্ঠানের নাম ব্যবহারের অনুমতি দিয়েও তিনি নিয়মিত রয়্যালটি পাচ্ছেন।

বিবিসির এক বিশ্লেষণে বলা হয়েছে, একসময় ট্রাম্পের সম্পদের মূল ভিত্তি রিয়েল এস্টেট থাকলেও বর্তমানে প্রযুক্তিনির্ভর আর্থিক খাতে তার বিনিয়োগ সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অন্যান্য মার্কিন প্রেসিডেন্টদের তুলনায় ট্রাম্পের সম্পদের পরিমাণ বহুগুণ বেশি।

মূল্যস্ফীতি সমন্বয় করলে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির সম্পদ ছিল ১০০ কোটি ডলারের কিছু বেশি এবং জর্জ ওয়াশিংটনের সম্পদ ছিল কয়েক শ কোটি ডলারের সমপরিমাণ। এর বিপরীতে ট্রাম্পের মোট সম্পদ কয়েক হাজার কোটি ডলারে পৌঁছেছে। তবে প্রেসিডেন্টের এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য নিয়ে সমালোচকদের মধ্যে উদ্বেগ রয়েছে।

তাদের মতে, রাষ্ট্রীয় দায়িত্বে থাকাকালীন এমন বড় ব্যবসায়িক স্বার্থ স্বার্থের সংঘাত তৈরি করতে পারে। অবশ্য হোয়াইট হাউস এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ট্রাম্প সরাসরি ব্যবসা পরিচালনা করেন না, বরং পরিবারের সদস্য ও পেশাদার ব্যবস্থাপকরা এগুলো দেখাশোনা করেন। সর্বশেষ আর্থিক বিবরণে প্রাপ্ত তথ্য অনুযায়ী ট্রাম্প এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিত্তশালী রাষ্ট্রপ্রধান।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language