জাতীয়

১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস ও সতর্কবার্তা

ঢাকা, ১ জুলাই – দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত ভ্যাপসা গরমের মধ্যেই বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে যে, দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার রাত ১টার মধ্যে ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বাড়তি অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্য এলাকায় মাঝারি অবস্থায় রয়েছে। পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে বলেও আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে।

এস এম/ ১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language