আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের রায়: সীতাকুণ্ডে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম, ৩০ জুন – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েও ঋণখেলাপের দায়ে সর্বোচ্চ আদালত থেকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হওয়ার খবরে সীতাকুণ্ডে ব্যাপক বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন তার অনুসারীরা।
মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
কুমিরা হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবসার জানান, নগরীর সিটি গেট থেকে বড় দারোগার হাট পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের কারণে যানবাহন আটকা পড়েছে। পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা এক জায়গা থেকে সরে গিয়ে অন্য জায়গায় অবস্থান নিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের প্রায় ৩০ থেকে ৪০টি পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করছেন বিএনপি ও আসলাম চৌধুরীর সমর্থকরা। এর ফলে মহাসড়কের পাশাপাশি স্থানীয় দোকানপাটও বন্ধ হয়ে গেছে। বিশেষ করে বাড়বকুণ্ড এলাকায় বড় গাছ কেটে সড়কে ফেলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
উল্লেখ্য যে, গত ৩ জানুয়ারি আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী এবং যমুনা ব্যাংক তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাই কোর্টের রায় বহাল থাকলেও সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মঙ্গলবার চূড়ান্ত রায় প্রদান করে। এতে আসলাম চৌধুরীকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়।
এর আগে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে ৫৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন কিন্তু আদালতের নির্দেশে গেজেট প্রকাশ স্থগিত ছিল। এই রায়ের ফলে শেষ পর্যন্ত তার সংসদে যাওয়ার পথ বন্ধ হয়ে গেল।
এনএন/ ৩০ জুন ২০২৬









