ফুটবল

বাংলাদেশি সমর্থকদের কৃতজ্ঞতা জানালেন ব্রাজিলের গোলরক্ষক আলিসন বেকার

ব্রাসিলিয়া, ৩০ জুন – বিশ্বকাপ ফুটবলে দল হিসেবে লাল সবুজের প্রতিনিধিরা না থাকলেও বাংলাদেশের দর্শকদের উন্মাদনা এখন বিশ্বজুড়ে সমাদৃত। আর্জেন্টিনার পর এবার বাংলাদেশি সমর্থকদের ভালোবাসায় মুগ্ধতা প্রকাশ করলেন ব্রাজিলের তারকা গোলরক্ষক আলিসন বেকার।

জাপানের বিপক্ষে জয়ের পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান তিনি। জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়ের পর বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হন আলিসন। সেখানে বাংলাদেশ শব্দটি শোনামাত্রই তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।

আলিসন জানান,

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সমর্থকদের উদযাপনের ভিডিও দেখেছেন এবং ভক্তদের এমন উন্মাদনা তাকে অভিভূত করেছে। বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে আলিসন বেকার বলেন, আমাদের সমর্থনের জন্য বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ।

আমি ভক্তদের উদযাপনের বেশ কিছু ভিডিও দেখেছি। বাংলাদেশের মানুষের এই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসে। ঈশ্বর সবার মঙ্গল করুক। উল্লেখ্য, হিউস্টনে অনুষ্ঠিত জাপানের বিপক্ষে সেই ম্যাচে ব্রাজিল শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে।

গ্যাব্রিয়েল মার্তিনেল্লির জয়সূচক গোলের সময় বাংলাদেশে ছিল গভীর রাত, তবুও ভক্তরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করেন। এর আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ এবং ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরোও বাংলাদেশের ফুটবল সমর্থকদের প্রতি তাদের ভালোলাগার কথা জানিয়েছিলেন।

এস এম/ ৩০ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language