পুলিশ প্রশাসনে বড় রদবদল: ২১ ঊর্ধ্বতন কর্মকর্তার পদায়ন ও বদলি

ঢাকা, ২৮ জুন – বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে। এনএসআই পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সিআইডির অতিরিক্ত আইজি এবং ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি করা হয়েছে। এছাড়া র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসি এবং মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে বদলি করা হয়েছে। মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসি এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনা পিটিসিতে পদায়ন করা হয়।
অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে এবং এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক এবং সরকার মোহাম্মদ কায়সারকে পিএসটিএস বেতবুনিয়ায় বদলি করা হয়েছে। এছাড়া মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় বদলি করা হয়েছে।
পুলিশ সুপার পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর এবং মো. জাহিদুর রহমানকে বিপিএ সারদায় নিয়োগ দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ২৮ জুন ২০২৬









