হরমুজ প্রণালি ৩০ দিন ইরানের নিয়ন্ত্রণে থাকবে, যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের ঘোষণা

তেহরান, ২৮ জুন – হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরপর দুই দিন জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের বিভিন্ন অবস্থানে রাতভর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এমন পরিস্থিতিতে আগামী ৩০ দিন হরমুজ প্রণালি ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আরাঘচি বলেন, তিনি ইরাকের পররাষ্ট্রমন্ত্রীকে ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন।
তিনি জানান, আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকবে এবং সব বাধা দূর করে নৌপথের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধারে কাজ চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন যে হরমুজ প্রণালির রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব কেবল ইরানের ওপর ন্যস্ত এবং এতে অন্য কোনো পক্ষের সংশ্লিষ্টতা নেই।
সমঝোতা স্মারক অনুযায়ী যেকোনো ধরনের একতরফা হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করতে পারে বলে তিনি সতর্ক করেন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।
এক বিবৃতিতে তারা জানিয়েছে যে চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের এবং নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে যে তারা হরমুজ প্রণালি ও এর আশপাশের একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে আইআরজিসি নিশ্চিত করেছে যে মার্কিন হামলায় তাদের পাঁচটি উপকূলীয় অবস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।
এস এম/ ২৮ জুন ২০২৬









