গাজীপুর

সাভারে দুই শতাধিক নেতা-কর্মীসহ বিএনপিতে যোগ দিলেন এনসিপি নেত্রী সেজুতি হোসাইন

সাভার, ২৮ জুন – সাভারের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক সেজুতি হোসাইনসহ দুই শতাধিক নেতা-কর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার দুপুরে সাভারের ব্যাংক কলোনি এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন। এই উপলক্ষে ডা. সালাউদ্দিন বাবুর বাসভবনে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ডা. সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। জুলাই বিপ্লবের যোদ্ধারা যদি এই দলে যোগ দিতে চান, তবে তাদের সবসময় স্বাগত জানানো হবে। যোগদান পরবর্তী বক্তব্যে সেজুতি হোসাইন বলেন, এনসিপিতে কাজ করার সময় দলটির বিভিন্ন অদূরদর্শী সিদ্ধান্তে তিনি হতাশ হয়েছেন।

অভিজ্ঞতার অভাবের কারণে দলটি অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন ও নাগরিক কমিটির সময় থেকে নিজের মেধা ও শ্রম দিয়ে দলকে সংগঠিত করার চেষ্টা করলেও ত্যাগী কর্মীদের সঠিক মূল্যায়ন করা হয়নি।

বরং অর্থের বিনিময়ে মনোনয়ন এবং হঠাৎ করে নতুন ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার মতো সিদ্ধান্তে মাঠপর্যায়ের কর্মীরা বিমুখ হয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, পদের লোভে নয় বরং গণতন্ত্র ও ভোটাধিকারে বিশ্বাস থেকেই তিনি বিএনপিতে যোগ দিয়েছেন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান।

সংবর্ধনা অনুষ্ঠানে এনসিপি থেকে আসা হেলেন জাহান রিফা ও সুজন আহমেদও বক্তব্য প্রদান করেন। এ সময় সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীর, সহসভাপতি ফেরদৌস আহমেদ প্রদীপ এবং সাংগঠনিক সম্পাদক আবদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language