ইতালি

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে হত্যা

রোম, ২৭ জুন – ইতালির রাজধানী রোমের উপকণ্ঠে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা সবাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বাসিন্দা।

এই ঘটনায় পরিবারের আরও এক সদস্য গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যা সন্তান আরোয়া ইসলাম আরিশা। এই ঘটনায় বাবুলের ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন গুরুতর জখম হয়েছেন। তাকে স্থানীয় জেমেলি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত কামাল উদ্দিন বাবুলের স্বজনদের সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাতে দুর্বৃত্তরা বাবুলের ফ্ল্যাটে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে। ঘটনার সময় অয়ন বাসার বাইরে ছিলেন। তিনি বাসার ফিরে রক্তাক্ত দৃশ্য দেখে ফেললে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে জখম করে।

অয়নের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক সংবাদ গ্রামের বাড়িতে পৌঁছালে নোয়াখালীর চরকাঁকড়ায় শোকের মাতম শুরু হয়।

স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক ও বিষণ্ণতা বিরাজ করছে। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানান, বিষয়টি তারা জানতে পেরেছেন এবং নিহতদের পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language