ফুটবল

নকআউটে ওঠার দিনে সালাহর চোট নিয়ে দুশ্চিন্তায় মিশর

তেহরান, ২৭ জুন – বিশ্বকাপের নকআউটে ওঠার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ইরানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মিশর। এই ড্রয়ের ফলে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে দলটি। আগামী ৩ জুলাই ডালাসে শেষ ষোলোর ম্যাচে তারা অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে।

তবে ঐতিহাসিক এই অর্জনের দিনে অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে দলের প্রাণভোমরা মোহাম্মদ সালাহর চোট। ম্যাচের ৫৭তম মিনিটে বাম হাঁটুতে আঘাত পাওয়ায় মাঠ ছাড়তে হয় লিভারপুলের সাবেক এই তারকাকে। তার পরিবর্তে মাঠে নামানো হয় মোস্তফা জিকোকে। সালাহর চোটের পর মিশরের ফুটবল শিবিরে বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে।

দলের কোচ হোসেন হাসান জানিয়েছেন যে মেডিকেল স্টাফরা বর্তমানে সালাহর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। দলের আবাসে ফেরার পর তার আরও কিছু পরীক্ষা করা হবে। কোচ বলেন, আমি সালাহর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। সে আমাকে আশ্বস্ত করেছে যে চোট খুব একটা গুরুতর নয় এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠবে।

মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনার জন্য আমাদের হাতে এখনও সময় আছে। আমার বিশ্বাস সে ফিরবে। এবারের বিশ্বকাপের শুরু থেকেই সালাহকে কেন্দ্র করে বড় স্বপ্ন দেখছে মিশর। দল প্রথমবারের মতো নকআউট নিশ্চিত করলেও আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে যদি সালাহ খেলতে না পারেন, তবে তা দলের জন্য বড় ধাক্কা হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে নিজের ৬৮তম আন্তর্জাতিক গোল করেছিলেন ৩৪ বছর বয়সী সালাহ। এবারের টুর্নামেন্টে ইতিমধ্যে দুটি গোলে সহায়তাও করেছেন এই তারকা ফরোয়ার্ড।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language