ক্রিকেট

বিসিবির তহবিল স্থগিত করতে আইসিসিকে আমিনুল ইসলাম বুলবুলের চিঠি

ঢাকা, ২৭ জুন – বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আবেদন করেছেন সংস্থাটির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার পাঠানো এক চিঠিতে বাংলাদেশের ক্রিকেটের জন্য বরাদ্দকৃত আর্থিক সহায়তা ও অন্যান্য সুযোগ সুবিধা স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যদিও পরবর্তীতে এক ভিডিও বার্তায় তিনি এমন কোনো অনুরোধ করার বিষয়টি অস্বীকার করেন। জানা গেছে চলতি সপ্তাহের শুরুতে আইসিসির কাছে ১৪ পৃষ্ঠার একটি দীর্ঘ চিঠি পাঠান আমিনুল ইসলাম বুলবুল। চিঠিতে তিনি বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদকে অবৈধ হিসেবে আখ্যায়িত করেন।

এর পাশাপাশি তিনি বাংলাদেশের ক্রিকেটে আইসিসির তহবিল এবং সরঞ্জাম সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সুপারিশ করেন। একই সাথে তিনি নিজেকে বিসিবির বৈধ সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব প্রদানের দাবি জানান। বুলবুল তার চিঠিতে বর্তমান সভাপতি তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।

বিষয়টি আইসিসি কর্তৃপক্ষ বিসিবিকে অবহিত করার পর বর্তমান পরিচালনা পর্ষদ তাদের অবস্থান পরিষ্কার করে পাল্টা চিঠি পাঠিয়েছে। তবে শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বার্তায় বুলবুল দাবি করেন যে তিনি দেশের ক্রিকেটের ক্ষতি হয় এমন কোনো আবেদন আইসিসির কাছে করেননি।

তহবিল বন্ধের খবরটি সত্য নয় বলেও তিনি উল্লেখ করেন। তবে গণমাধ্যমের হাতে আসা চিঠির অনুলিপিতে ভিন্ন চিত্র দেখা গেছে। সেখানে বর্তমান বিসিবির জন্য আইসিসির অর্থায়ন ও সহায়তা স্থগিত রাখার সুষ্পষ্ট নির্দেশনা চাওয়া হয়েছে যেখানে আমিনুল ইসলামের স্বাক্ষরও রয়েছে।

চিঠির একটি অংশে উল্লেখ করা হয়েছে যে অভ্যন্তরীণ আদালতের মামলার নিষ্পত্তি এবং নির্বাচিত বোর্ড পুনঃস্থাপন না হওয়া পর্যন্ত বিসিবির সকল তহবিল যেন শর্তসাপেক্ষে আটকে রাখা হয়। এছাড়া চিঠিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক সতর্কবার্তা দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে যে অবৈধভাবে গঠিত অ্যাডহক কমিটির অধীনে অনুষ্ঠিত নির্বাচন আইসিসি সংবিধানের লঙ্ঘন। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হলে বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত করা এবং আইসিসি ইভেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তাবও দিয়েছেন তিনি।

উল্লেখ্য যে গত ৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে তামিম ইকবাল চার বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন। এরপর থেকেই নিজেকে বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ কামনা করছেন আমিনুল ইসলাম বুলবুল।

এস এম/ ২৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language