মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবি ও জনতার বাধায় ব্যর্থ

মেহেরপুর, ২৫ জুন – মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত দিয়ে সাত ব্যক্তিকে বাংলাদেশে জোরপূর্বক পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনসাধারণের তীব্র প্রতিবাদের মুখে তাদের ভারতীয় অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।
বৃহস্পতিবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪২ এর ৫এস ও ৬এস এর মধ্যবর্তী এলাকা দিয়ে ওই সাতজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। স্থানীয় সূত্র জানায় যে ভারতের নদীয়া জেলার মুরটিয়া থানার ব্রজনাথপুর গ্রামের দিক থেকে তারা সীমান্তের কাছে পৌঁছায়।
বিষয়টি টের পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন বিজিবি সদস্যরা। সে সময় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয় এবং স্থানীয় লোকজনও পুশইনের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে রুখে দাঁড়ান। বিজিবি ও জনতার অনড় অবস্থানের মুখে বিএসএফ শেষ পর্যন্ত তাদের নিয়ে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়।
জানা গেছে যাদের পুশইন করার চেষ্টা করা হয়েছিল তাদের মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী ছিলেন। বিজিবির দ্রুত পদক্ষেপ এবং স্থানীয়দের সজাগ ভূমিকার কারণেই বিএসএফের এই অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। তবে এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এস এম/ ২৫ জুন ২০২৬









