মেহেরপুর

মেহেরপুর সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখা থেকে ৬ জন উধাও

মেহেরপুর, ৭ জুন – মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের কঠোর নজরদারির মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এই পুশ ইনের চেষ্টা চালায়।

তবে সর্বশেষ তথ্য অনুযায়ী,

সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ওই ছয়জনকে আর সেখানে দেখা যাচ্ছে না। বিজিবির ধারণা, বিএসএফ তাদের পুনরায় ভারতে ফিরিয়ে নিয়ে গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে,

শনিবার ভোরে তেঁতুলবাড়িয়া সীমান্তের ১৪০/৫ এস আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিএসএফের পুশ ইনের চেষ্টায় বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। এরপর ভোর থেকে সারাদিন এবং গভীর রাত পর্যন্ত ওই ছয় ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা টহল জোরদার করেন এবং স্থানীয়রা নজরদারি অব্যাহত রাখেন। এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কয়েক দফায় পতাকা বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। বিজিবির দাবি অনুযায়ী, শনিবার দিবাগত রাত ৩টার পর থেকে ওই ছয়জনকে আর শূন্যরেখায় দেখা যায়নি।

ভারতের নদীয়া জেলার মুরুটিয়া থানার বেতা রামচন্দ্রপুর এলাকা দিয়ে তাদের সীমান্তে আনা হয়েছিল। বিজিবি আরও জানায়, ওই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে প্রায় এক মাস কারাগারে রাখার পর সীমান্ত এলাকায় নিয়ে আসে এবং বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

ভুক্তভোগী এই ছয়জন হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের বাসিন্দা আমিন মোল্লা, আব্দুল্লাহ, জামরিল, রিফুজান, রেকায়া ও ইব্রাহিম।

পারিবারিক সূত্র বলছে,

তারা প্রায় ৪০ বছর আগে ভারতে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন। এই ঘটনায় পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে কাথুলী বিওপির কোম্পানি কমান্ডার ওসিকুর রহমান ও তেঁতুলবাড়িয়া ক্যাম্প কমান্ডার সুবেদার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ভারতের পক্ষে ছিলেন মুরুটিয়া থানার বেতা রামচন্দ্রপুর ক্যাম্পের এসআই রাজেন্দ্রকুমার পোয়ালি। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা জানান, রাত ৩টার পর থেকে তাদের আর সেখানে পাওয়া যাচ্ছে না।

ধারণা করা হচ্ছে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা অব্যাহত রাখা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমানে ওই ছয়জনের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এস এম/ ৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language