মধ্যপ্রাচ্য

সাদা কাগজে সই না করতে সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

রিয়াদ, ২৫ জুন – সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে বিশেষভাবে সতর্ক করেছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বুধবার দূতাবাসের কাউন্সেলর মো. মেহবুব জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুরোধ অথবা নির্দেশনায় সাদা কাগজে স্বাক্ষর বা টিপসই দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অসাধু কোনো ব্যক্তি বা চক্র এই সুযোগ কাজে লাগিয়ে প্রবাসীদের নামে জাল দলিল তৈরি করা বা অবৈধ লেনদেনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে ফেলতে পারে।

এর ফলে সংশ্লিষ্ট প্রবাসী অনাকাঙ্ক্ষিতভাবে ফৌজদারি মামলা বা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমনকি এ কারণে জেল ও জরিমানাসহ বিভিন্ন আইনি শাস্তির মুখে পড়ার ঝুঁকিও রয়েছে।

এই পরিস্থিতিতে যেকোনো ধরনের লিখিত নথিপত্রে স্বাক্ষর করার আগে তার বিষয়বস্তু পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছে দূতাবাস। প্রবাসীদের আইনি নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণা এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের জন্য এই বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

এস এম/ ২৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language