ফুটবল

মেসির নাম আসতেই চটলেন রোনালদো, সংবাদ সম্মেলনে বললেন ‘নেক্সট কোশ্চেন’

লিসবন, ২৪ জুন – উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে বিশ্বমঞ্চে উল্লাসে মেতেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এক নাটকীয় পরিস্থিতির উদ্ভব হয়। ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে করা প্রশ্নে বিরক্তি প্রকাশ করেন।

প্রশ্নটি শেষ হওয়ার আগেই তিনি বেশ গম্ভীরভাবে সরাসরি বলেন, নেক্সট কোশ্চেন। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো তার সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করার পর সেটি দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।

উজবেকিস্তানের বিরুদ্ধে ৫-০ গোলের দাপুটে জয়ের পর রোনালদো যখন টানা ছয়টি বিশ্বকাপে গোল করার অনন্য এক কীর্তি নিয়ে কথা বলছিলেন, তখনই জনৈক সাংবাদিক মেসির রেকর্ড নিয়ে প্রশ্ন করেন।

মেসির নাম শোনার সাথে সাথেই রোনালদোর অভিব্যক্তিতে অস্বস্তি ফুটে ওঠে। তার কঠোর প্রতিক্রিয়া দেখে সংবাদ সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকরা এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যান।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, ক্যারিয়ারের প্রায় শেষ পর্যায়ে এসেও এই দুই কিংবদন্তির মধ্যকার পেশাদার রেষারেষি যে এখনো কতটা তীব্র, রোনালদোর এই সংক্ষিপ্ত উত্তরের মাধ্যমেই তা ফুটে উঠেছে।

মাঠের লড়াই ছাড়িয়ে ব্যক্তিগত পর্যায়ে একে অপরের সাফল্য নিয়ে কথা বলতে তারা এখনো যে যথেষ্ট সংবেদনশীল, এই ঘটনাটি ফুটবল বিশ্বে সেই আলোচনার পালে নতুন করে হাওয়া দিয়েছে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language