ফুটবল

স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার, ছিটকে গেলেন রাফিনহা

ব্রাসেলস, ২৪ জুন – স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বইছে মিশ্র হাওয়া। চোট কাটিয়ে দলে ফিরেছেন দলের প্রধান তারকা নেইমার জুনিয়র, যা সমর্থকদের জন্য স্বস্তির খবর। তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে উইঙ্গার রাফিনহার ইনজুরি। চোটের কারণে এই ম্যাচে মাঠে নামতে পারছেন না তিনি।

ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন যে নেইমার স্কটল্যান্ডের বিপক্ষে দলে থাকলেও তাকে শুরুর একাদশে রাখা হবে না। ম্যাচের পরিস্থিতির ওপর ভিত্তি করে দ্বিতীয়ার্ধের শেষ দিকে তাকে কিছু সময়ের জন্য খেলানো হতে পারে। অন্যদিকে রাফিনহার অনুপস্থিতিতে রাইট উইংয়ে তরুণ তুর্কি রায়ানকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোচ।

মায়ামিতে বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বর্তমানে সি গ্রুপের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ব্রাজিলের জন্য এই ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। এর আগে মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছিল সেলেসাওরা।

অনুশীলনে রাফিনিয়ার বিকল্প হিসেবে রায়ানের ওপরই আস্থা রাখছেন আনচেলত্তি। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড সংবাদ সম্মেলনে রায়ানের ভূয়সী প্রশংসা করে বলেন যে যখনই সুযোগ পেয়েছে রায়ান নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে। তার মধ্যে আক্রমণভাগকে নেতৃত্ব দেওয়ার অসাধারণ সম্ভাবনা রয়েছে।

এছাড়া এই পজিশনে লুইজ হেনরিককেও বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এদিকে কাসেমিরো এবং ডগলাস সান্তোসের কার্ড সমস্যা নিয়ে কিছুটা উদ্বেগে থাকতে পারে দল। দুজনের নামের পাশে দুটি করে হলুদ কার্ড থাকায় এই ম্যাচে কার্ড পেলেই নকআউট পর্বে নিষিদ্ধ হতে পারেন তারা। তবে আনচেলত্তি এখনই এসব নিয়ে ভাবতে নারাজ।

তিনি সেরা একাদশ নিয়ে মাঠে নেমে ম্যাচ জয়ের লক্ষ্যেই অটল রয়েছেন। প্রতিটি ম্যাচে দলের উন্নতির ওপর জোর দিচ্ছেন তিনি যাতে নকআউট পর্বের আগে ফুটবলাররা আত্মবিশ্বাসী থাকে। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকছেন অ্যালিসন বেকার।

রক্ষণভাগে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালায়েস ও ডগলাস সান্তোস দায়িত্ব পালন করবেন। মধ্যমাঠে কাসেমিরো, ব্রুনো গিমারেস ও লুকাস পাকেতার থাকার সম্ভাবনা রয়েছে। আর আক্রমণভাগে ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যাথেউস কুনিয়ার সঙ্গে দেখা যেতে পারে নবাগত রায়ানকে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language