ফুটবল

নকআউটের লড়াইয়ে শেষ সমীকরণের সামনে ব্রাজিল: প্রতিপক্ষ স্কটল্যান্ড

ব্রাসেলস, ২৪ জুন – দুই ম্যাচের একটিতে জয় এবং একটিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে রয়েছে মরক্কো। তবে নকআউট পর্ব নিশ্চিত করার লড়াইয়ে শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে নানা সমীকরণের সামনে দাঁড়িয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের কাছে হেরে ইতিমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে হাইতি। বর্তমানে সি গ্রুপে ব্রাজিল শীর্ষে থাকলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে স্কটল্যান্ড। শীর্ষস্থান ধরে রাখতে হলে ব্রাজিলকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মরক্কোর ফলাফলের চেয়ে ভালো বা সমান ফলাফল করতে হবে।

সেই সঙ্গে বজায় রাখতে হবে গোল ব্যবধানও। মরক্কো যদি হাইতিকে বড় ব্যবধানে হারায় তবে ব্রাজিলকেও স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে। অন্য একটি সমীকরণ অনুযায়ী মরক্কো হাইতির বিপক্ষে জয় বা ড্র করলেই নকআউট নিশ্চিত করবে। অন্যদিকে ব্রাজিল যদি পয়েন্ট হারায় তবে মরক্কোর সামনে সুযোগ থাকবে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার।

তবে ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে দিলে মরক্কো দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। যদি ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট এবং গোল ব্যবধান সমান হয় তবে পরবর্তী টাইব্রেকার হিসেবে দেখা হবে মোট গোলসংখ্যাকে। স্কটল্যান্ডের জন্য পরবর্তী রাউন্ডে যাওয়ার একমাত্র পথ হচ্ছে জয়।

তারা যদি ব্রাজিলকে পরাজিত করে এবং মরক্কো হাইতির বিপক্ষে পয়েন্ট হারায় তবে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাও থাকবে। গ্রুপ সি এর বিজয়ী দল শেষ ৩২ এ মুখোমুখি হবে গ্রুপ এফ এর রানার আপের সঙ্গে।

যেখানে প্রতিপক্ষ হিসেবে থাকতে পারে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন অথবা তিউনিসিয়া। অন্যদিকে এই গ্রুপের রানার আপ দল খেলবে গ্রুপ এফ এর বিজয়ীর বিপক্ষে।

এস এম/ ২৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language