জাতীয়

ক্রীড়া কিংবদন্তি আবদুস সাদেকের দ্বিতীয় জানাজা সম্পন্ন, বনানীতে দাফন

ঢাকা, ২১ জুন – বাংলাদেশের ক্রীড়াঙ্গনের কিংবদন্তি খেলোয়াড়, কোচ ও সংগঠক আবদুস সাদেকের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার বেলা ১১টায় রাজধানীর বনানী ওল্ড ডিওএইচএস মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা মুফতি আবদুস সাকুর জানাজায় ইমামতি করেন।

জানাজায় মরহুমের পরিবার, আত্মীয় স্বজন, ক্রীড়া সংগঠক এবং সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় দেশের ক্রীড়াঙ্গনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়।

জানাজা শেষে আবাহনী লিমিটেড ঢাকা, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ হকি ফেডারেশন, মেরিনার্স ক্লাব ও আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে এই ক্রীড়া কিংবদন্তিকে রাজধানীর বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

আবদুস সাদেক ছিলেন অবিভক্ত পাকিস্তান জাতীয় হকি দলের তারকা খেলোয়াড় এবং স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়ক। এ ছাড়া তিনি আবাহনীর প্রথম ফুটবল ও হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন। সফল ক্রীড়া সংগঠক হিসেবে তার প্রয়াণে দেশের ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এস এম/ ২১ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language