ব্যবসা

সোনার দাম কমালো বাজুস, প্রতি ভরিতে কমলো ৪ হাজার টাকার বেশি

ঢাকা, ১৯ জুন – দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা করা হয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। সোনার পাশাপাশি রুপার দামও পুনঃনির্ধারণ করেছে সংগঠনটি। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায় বিক্রি হবে।

সনাতন পদ্ধতির রুপার দাম হবে ৩ হাজার ২০৮ টাকা। উল্লেখ্য যে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণালংকার বিক্রির ওপর ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরিতে ২ হাজার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে।

ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই নতুন ভ্যাট কাঠামো নির্ধারণ করা হয়েছে। ফলে ভ্যাটসহ সমন্বয় করে নতুন এ দাম ঘোষণা করেছে বাজুস।

এস এম/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language