নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা: সেনাসদস্যসহ নিহত ৩৫

নিয়ামে, ১৯ জুন – পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে বন্দুকধারীরা দেশটির বৃহত্তম এই বিমানবন্দরে অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সেনাসদস্য এবং ২ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া অভিযানে ২২ জন হামলাকারী নিহত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ বিকট বিস্ফোরণ এবং বৃষ্টির মতো গুলির শব্দ শোনা যায়।
বিমানবন্দরটি নাইজারের সবচেয়ে বড় আন্তর্জাতিক প্রবেশপথ হওয়ার পাশাপাশি এর ভেতরে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও অবস্থিত। আল কায়েদার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম এই হামলার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তারা এই হামলার ঘোষণা দেয়।
নাইজার দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র বিদ্রোহ মোকাবিলা করছে। এর আগে গত জানুয়ারি মাসে একই বিমানবন্দরে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হামলা চালিয়েছিল। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকালের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বর্তমানে হামলায় জড়িত পলাতক ব্যক্তিদের ধরতে ওই এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। বিমানবন্দরের পার্শ্ববর্তী এক বাসিন্দা গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ৫০ মিনিটের দিকে নামাজ শেষ করার পরপরই তারা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠেন।
এস এম/ ১৯ জুন ২০২৬









