পর্তুগালের ড্রয়ে ক্ষুব্ধ কুয়ারেজমা, ফেলিক্সকে দলে নেওয়ার পরামর্শ

লিসবন, ১৯ জুন – বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই কঙ্গোর বিরুদ্ধে অপ্রত্যাশিত ড্র করে বড়সড় ধাক্কা খেয়েছে পর্তুগাল। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
সম্প্রতি লাইভমোডটিভির একটি অনুষ্ঠানে পর্তুগালের সাবেক তারকা ফুটবলার রিকার্দো কুয়ারেজমা সরাসরি তার ক্ষোভ প্রকাশ করেছেন। সেই অনুষ্ঠানে পর্তুগিজ ফরোয়ার্ড জোয়াও ফেলিক্সের উপস্থিতিতে কুয়ারেজমা বলেন যে পর্তুগালের বর্তমান পরিস্থিতি বদলে দিতে ফেলিক্সই হতে পারেন দলের তুরুপের তাস।
আল নাসরের এই ফরোয়ার্ড এবং ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থকে পরামর্শ দিয়ে কুয়ারেজমা বলেন যে পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর জন্য ফেলিক্সের নিজের উদ্যোগে কোচের কাছে বেশি খেলার সুযোগ চাওয়া উচিত।
কঙ্গোর বিরুদ্ধে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে জোয়াও ফেলিক্সকে একবারের জন্যও মাঠে নামার সুযোগ দেননি স্প্যানিশ কোচ রবার্তো মার্তিনেস। মার্তিনেস তার একাদশ সাজিয়েছিলেন ভিতিনহা, জোয়াও নেভেস ও বার্নার্ডো সিলভাদের নিয়ে।
তবে দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় দ্বিতীয়ার্ধে সার্জিও কনসেইসাও, রাফায়েল লেয়াও এবং গনসালো রামোসকে বদলি হিসেবে নামানো হলেও জয়ের দেখা পাওয়া যায়নি। এই অমীমাংসিত ফলাফলের পর উজবেকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে কোচের কৌশল এবং একাদশে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
ইতিপূর্বে কোচ মার্তিনেস ফেলিক্সের ওপর নিজের আস্থার কথা জানালেও পরবর্তী ম্যাচে তাকে শুরুর একাদশে দেখা যাবে কি না তা নিয়েই এখন সংশয় কাজ করছে।
এস এম/ ১৯ জুন ২০২৬









