মধ্যপ্রাচ্য

সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

আবুধাবি, ১৯ জুন – সংযুক্ত আরব আমিরাতে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মন্ত্রিসভা এই নতুন নীতিমালা অনুমোদন করেছে।

এর ফলে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডার পর কঠোর অনলাইন সুরক্ষা ব্যবস্থার তালিকায় নতুন নাম হিসেবে যুক্ত হলো সংযুক্ত আরব আমিরাত। নতুন এই নির্দেশনার আওতায় সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১২ মাসের সময় দেওয়া হয়েছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে নীতিমালা কার্যকর করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সরকার। গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মন্ত্রিসভার নতুন সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের সর্বনিম্ন বয়স এখন থেকে ১৫ বছর।

এই বয়সের কম কোনো শিশু ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলা বা পরিচালনা করতে পারবে না। নীতিমালা অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম কর্তৃপক্ষকে নিজ উদ্যোগে ১৫ বছরের কম বয়সী ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিতে হবে। এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে এক বছর সময় পাবে তারা।

তবে কোনো প্রতিষ্ঠান এই নিয়ম পালনে ব্যর্থ হলে দেশটির গণমাধ্যম ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট মাধ্যমকে সতর্ক করার পাশাপাশি আংশিক বা পূর্ণাঙ্গভাবে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে। নিষেধাজ্ঞার ফলে ১৫ বছরের কম বয়সী শিশুরা এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়মিত সুবিধাগুলো ভোগ করতে পারবে না।

তারা অন্যদের সাথে যোগাযোগ রক্ষা, কোনো লেখা প্রকাশ, মন্তব্য করা, তথ্য আদান-প্রদান কিংবা কোনো উন্মুক্ত চ্যানেল বা বৃহৎ অনলাইন আলোচনায় অংশ নিতে পারবে না। শিশুদের ডিজিটাল জগতের ঝুঁকি থেকে মুক্ত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এস এম/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language