মেসির জয়ের পর ইনস্টাগ্রামে আন্তোনেল্লার আবেগঘন বার্তা

ওয়াশিংটন, ১৭ জুন – বিশ্বকাপ ফুটবলে পুনরায় নিজের জাদুকরী পারফরম্যান্স প্রদর্শন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি দলকে ৩-০ গোলের জয় উপহার দিয়েছেন।
এই হ্যাটট্রিকের মধ্য দিয়ে বিশ্বকাপে নিজের ১৬তম গোল পূর্ণ করে কিংবদন্তি ফুটবলার মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন তিনি। কানসাস সিটির স্টেডিয়ামে মেসির এই অনন্য অর্জনের সাক্ষী হিসেবে গ্যালারিতে উপস্থিত ছিলেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো এবং তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরো।
ম্যাচ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো আনন্দঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আন্তোনেল্লা। তিন ছেলেকে নিয়ে তোলা ছবি পোস্ট করে তিনি তার আবেগঘন বার্তায় লিখেন চলো আর্জেন্টিনা আমরা সবসময় তোমার পাশে আছি লিও মেসি তুমি অসাধারণ।
মেসির ফুটবল ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে পরিবারের সরব উপস্থিতি এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বড় টুর্নামেন্টগুলোতে মাঠের লড়াইয়ে মেসির অসাধারণ নেতৃত্বের পাশাপাশি গ্যালারি থেকে আসা পরিবারের অকুণ্ঠ সমর্থন তাকে বাড়তি অনুপ্রেরণা জোগায়।
২০২২ সালের কাতার বিশ্বকাপের সোনালি মুহূর্তগুলোর মতো এবারও আর্জেন্টিনার জার্সি গায়ে আন্তোনেল্লা ও সন্তানদের উপস্থিতি সমর্থকদের নজর কেড়েছে। আলজেরিয়ার বিপক্ষে ইতিহাস গড়া এই ম্যাচে গ্যালারি থেকে মেসিকে সাহস জুগিয়েছেন তার আপনজনেরা।
এস এম/ ১৭ জুন ২০২৬









