জাতীয়

কড়া নিরাপত্তায় সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট, ১৭ জুন – প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরের উদ্দেশ্যে সিলেটে পৌঁছেছেন তারেক রহমান।

বুধবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে সকাল ১০টা ১৫ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিমানবন্দর ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা করেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি দুপুর ১টায় শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

বিকেলের দিকে শ্রীমঙ্গলের একটি রিসোর্টে রাজনৈতিক সভায় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন। দিনের সব কর্মসূচি শেষে বিকেল পৌনে ৬টায় প্রধানমন্ত্রীর সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে রাত সাড়ে ৮টায় আকাশপথে তিনি পুনরায় ঢাকায় ফিরে আসবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মৌলভীবাজার ও সিলেটে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তাকে স্বাগত জানাতে সড়কের বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

এর আগে গত ২ মে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট সফর করেছিলেন তারেক রহমান। তবে এবারের সফরে কেবল মৌলভীবাজার জেলাতেই তার দাপ্তরিক কর্মসূচি সীমাবদ্ধ থাকছে।

এনএন/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language