ফুটবল

ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নেমে অনন্য রেকর্ডের নতুন ইতিহাস গড়লেন মেসি

ক্যানসাস সিটি, ১৭ জুন – ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের শুরুর একাদশেই রয়েছেন দলের প্রধান তারকা লিওনেল মেসি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই ফুটবলের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন এই ফুটবল জাদুকর।

প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার এক অভূতপূর্ব রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। এই রেকর্ডের পাশাপাশি দেশের জার্সিতে ২০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন মেসি। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কুয়েতের বাদের আল-মুতাভার পর বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে তিনি এই মাইলফলক ছুঁয়েছেন।

এর আগে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট জিতিয়েছিলেন এই ১০ নম্বর জার্সিধারী। এবারের আসরেও মেসির নেতৃত্বেই শিরোপা ধরে রাখার লড়াইয়ে নেমেছে আলবিসেলেস্তেরা। এই নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলতে নেমেছেন তিনি, যা একটি বিশ্ব রেকর্ড। এর মাধ্যমে তিনি কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে গেছেন, যিনি চারটি আসরে এই জার্সি পরেছিলেন।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি আগে থেকেই মেসির দখলে ছিল। ২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট পাঁচটি আসরে তিনি ২৭টি ম্যাচ খেলেছেন। এবারের আসরে এই সংখ্যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে তার সামনে।

গোল করার দৌড়েও মেসি বেশ এগিয়ে রয়েছেন। বর্তমানে তার গোল সংখ্যা ১৩টি। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ডটি জার্মানির মিরোস্লাভ ক্লোসার দখলে। আর মাত্র চারটি গোল করলেই মেসি ক্লোসাকে টপকে শীর্ষে পৌঁছে যাবেন। এছাড়া যদি তিনি এই আসরে গোল করতে পারেন, তবে রোনালদোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করবেন তিনি।

অ্যাসিস্টের ক্ষেত্রেও ম্যারাডোনার সমান্তরালে রয়েছেন মেসি। দুজনেই বিশ্বকাপে আটটি করে অ্যাসিস্ট করেছেন। এই আসরে আর একটি গোল করালে তিনি ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন।

অধিনায়ক হিসেবেও মেসির সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার হাতছানি। শিরোপা জিততে পারলে তিনি হবেন প্রথম অধিনায়ক যিনি দুটি বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন। আবার ফাইনালে উঠলে প্রথম অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডও তার ঝুলিতে আসবে।

এনএন/ ১৭ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language