শাহবাগে জোড়া হত্যা মামলা: সাবেক মন্ত্রী দীপু মনির জামিন নামঞ্জুর

ঢাকা, ১৭ জুন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগে ঝুট ব্যবসায়ী মো. মনির এবং রিয়াজুল তালুকদার হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়।
মামলার শুনানিতে দীপু মনির আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিনের পক্ষে যুক্তি তুলে ধরেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুরের আদেশ প্রদান করেন।
প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন শাহবাগের চানখারপুল এলাকায় আন্দোলনে যোগ দিয়ে গুলিতে নিহত হন ব্যবসায়ী মো. মনির। এই ঘটনায় তার স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনের নাম উল্লেখসহ আরও ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
অন্যদিকে ৪ আগস্ট পল্টনের তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল নামের এক ব্যক্তি। ওই ঘটনায় তার সহকর্মী বিল্লাল হোসেন ১২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন।
এই দুটি মামলারই অন্যতম আসামি হিসেবে দীপু মনি কারাগারে রয়েছেন।
এনএন/ ১৭ জুন ২০২৬









