সাইবার বুলিং নিয়ে ১৬ বছরের জমে থাকা ক্ষোভ ঝাড়লেন প্রভা

ঢাকা, ১৬ জুন – ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘ ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত সাইবার বুলিং ও ট্রলের শিকার হয়ে আসছেন। এতদিন এসব বিষয়ে নীরবতা পালন করলেও সম্প্রতি একটি ভিডিও বার্তার মাধ্যমে নিজের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তিনি বুলিংকারীদের মানসিকতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতি নিয়ে কঠোর সমালোচনা করেন।
ভিডিও বার্তার শুরুতেই প্রভা জানান যে নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি এই অপ্রিয় সত্যগুলো বলতে বাধ্য হচ্ছেন। তিনি মনে করেন, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদের আক্রমণ বা ট্রল করেন, তারা মূলত নিজেদের অযোগ্যতা এবং হীনম্মন্যতা থেকেই এমনটি করে থাকেন।
হিউম্যান সাইকোলজি ও মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, যারা নিজের সৌন্দর্য বা জীবন নিয়ে অসুখী এবং হীনম্মন্যতায় ভোগেন, তারাই মূলত তারকাদের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন।
নিজের মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে প্রভা বলেন, দীর্ঘ দেড় দশক ধরে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা হয়েছে। যারা ভিকটিমকে আক্রমণ করেন, তারা যদি সমপরিমাণ ঘৃণা অপরাধীদের প্রতি দেখাতেন তবে পরিস্থিতির উন্নতি হতো।
তিনি আরও বলেন, অ্যাসিড নিক্ষেপকারী বা ধর্ষণকারীদের মতো যারা অন্যের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে, তারাও বড় অপরাধী। ভিকটিমকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীর চেহারা সামনে আনা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য যে, অভিনেত্রী প্রভা তার ক্যারিয়ারের দীর্ঘ সময়ে বারবার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের শিকার হয়েছেন। এবারের এই বার্তার মাধ্যমে তিনি কেবল নিজের ক্ষোভ প্রকাশই করেননি, বরং সাইবার অপরাধীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
এনএন/ ১৬ জুন ২০২৬









