ফুটবল

ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু মিশর ও বেলজিয়ামের

সিয়াটল, ১৬ জুন – প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলে জয়ের উজ্জ্বল সম্ভাবনা জাগিয়েছিল মিশর। বিশ্বকাপে ইতিহাসের প্রথম জয়ের স্বপ্নও দেখছিল আফ্রিকার এই দলটি। তবে বিরতির পর একটি আত্মঘাতী গোল সেই স্বপ্ন সফল হতে দেয়নি। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে এক পয়েন্ট নিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করেছে বেলজিয়াম ও মিশর।

সোমবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে জি গ্রুপের ম্যাচে ইমাম আশুরের গোলে প্রথমে এগিয়ে যায় মিশর।

বিরতির পর মিশরের ডিফেন্ডার মোহামেদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে বেলজিয়াম। বদলি খেলোয়াড় হিসেবে নেমেই গোলের পরিস্থিতি তৈরি করতে ভূমিকা রাখেন বেলজিয়ামের তারকা রোমেলু লুকাকু। চারটি বিশ্বকাপে অংশ নিয়ে এ পর্যন্ত আটটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি মিশর।

বর্তমানে তাদের রেকর্ড তিন ড্র এবং পাঁচ হার। প্রথমার্ধে মিশরের দাপট থাকলেও দ্বিতীয়ার্ধে খেলার নিয়ন্ত্রণ নিজেদের অনুকূলে নিয়ে নেয় ইউরোপের দলটি। ম্যাচের ১৯তম মিনিটে মোহামেদ সালাহর পাস থেকে চমৎকার এক জোরালো শটে থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন ইমাম আশুর।

জাতীয় দলের হয়ে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের এটিই প্রথম গোল। নিজের ৩৪তম জন্মদিনে খেলতে নেমে মোহামেদ সালাহও নতুন ইতিহাস গড়েন। বিশ্বকাপে জন্মদিনের ম্যাচে গোলে অবদান রাখা প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে তার নাম নথিভুক্ত হয়। ম্যাচের ৬৬তম মিনিটে তমাস মুনিয়েরের পাসে লুকাকু শট নিতে গেলে মিশরের ডিফেন্ডার মোহামেদ হানি স্লাইড করে সেটি আটকাতে যান।

দুর্ভাগ্যজনকভাবে বল তার পায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে যায়। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় উভয় পক্ষকে।

এনএন/ ১৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language