ফুটবল

তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপে সুইডেনের দাপুটে সূচনা

মেক্সিকো, ১৫ জুন – ম্যাচের শুরু থেকেই একচ্ছত্র আধিপত্য বজায় রেখে তিউনিসিয়াকে বড় ব্যবধানে পরাজিত করেছে সুইডেন। মেক্সিকোর মন্টেরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এফ’ গ্রুপের লড়াইয়ে ৫-১ গোলের বিশাল জয় তুলে নেয় সুইডিশরা। দলের হয়ে জোড়া গোল করেন ইয়াসিন আয়ারি এবং একটি করে গোল করেন আলেকজান্ডার আইজাক, ভিক্টর ইয়োকেরেস ও মাতিয়াস স্বানবেরি। তিউনিসিয়ার পক্ষে একমাত্র গোলটি শোধ করেন ওমর রেকিক।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে পাঁচ বা তার বেশি গোল করার কীর্তি গড়ল সুইডেন। এর আগে ১৯৩৮ সালে তারা কিউবাকে ৮-০ গোলে হারিয়েছিল।

ম্যাচের মাত্র সপ্তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো ডান পায়ের শটে সুইডেনকে এগিয়ে নেন ইয়াসিন আয়ারি। ৩০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার আইজাক।

প্রথমার্ধের ৪৩তম মিনিটে তিউনিসিয়ার ওমর রেকিক হেডের মাধ্যমে এক গোল শোধ করলে ম্যাচে ফেরার ইঙ্গিত মেলে। তবে বিরতির পর ফিরে আরও বিধ্বংসী হয়ে ওঠে সুইডেন। ৫৯তম মিনিটে তিউনিসিয়ার গোলরক্ষকের ভুলের সুযোগ নিয়ে স্কোরলাইন ৩-১ করেন ভিক্টর ইয়োকেরেস।

ম্যাচের অন্তিম সময়ে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় সুইডিশরা। ৮৫তম মিনিটে মাঠে নামার মাত্র ১৮ সেকেন্ডের মাথায় গোল করেন মাতিয়াস স্বানবেরি। অফসাইড নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও দীর্ঘ সময় ধরে ভিএআর পরীক্ষা শেষে রেফারি গোলের সিদ্ধান্ত দেন।

ম্যাচের অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে ইয়াসিন আয়ারি নিজের দ্বিতীয় গোলটি করলে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয়। সুইডেনের গতির কাছে তিউনিসিয়ার রক্ষণভাগ বারবার পরাস্ত হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে ইউরোপের এই প্রতিনিধিরা।

এনএন/ ১৫ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language