সোনা বিক্রির মুনাফায় ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব

ঢাকা, ১৫ জুন – ব্যক্তিশ্রেণির করদাতাদের আয়কর বিবরণীতে প্রদর্শিত সোনা বা সোনার অলঙ্কার বিক্রির মাধ্যমে অর্জিত মুনাফার ওপর ১৫ শতাংশ কর আরোপ করতে যাচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে আয়কর আইনে এই পরিবর্তনের কথা জানানো হয়েছে।
নতুন এই বিধানে সোনা বিক্রির লাভকে মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইন হিসেবে গণ্য করা হবে। করদাতার সোনা অর্জনের সময়ের বাজারমূল্যের সঙ্গে বর্তমান বাজারমূল্যের যে পার্থক্য তৈরি হবে সেই বাড়তি অংশকে মুনাফা হিসেবে বিবেচনা করা হবে। এই মুনাফার ওপরই নির্দিষ্ট হারে কর পরিশোধ করতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের মতে অনেক সময় করদাতারা তাদের অবৈধ আয়কে বৈধ করতে রিটার্নে পৈত্রিক বা উপহার হিসেবে পাওয়া বিপুল পরিমাণ সোনা দেখিয়ে থাকেন। পরবর্তী সময়ে সেই সোনা বিক্রির মাধ্যমে অর্জিত অর্থকে আয়ের উৎস হিসেবে দেখানো হয়।
এনবিআরের পর্যবেক্ষণে দেখা গেছে ব্যক্তিগত রিটার্নে যে পরিমাণ সোনার কথা উল্লেখ করা হয় তার বাস্তব অস্তিত্ব নিয়ে সংশয় রয়েছে। এই ধরনের কর ফাঁকি রোধ করতেই নতুন নিয়মটি চালুর প্রস্তাব করা হয়েছে। তবে যারা প্রকৃত নিয়ম মেনে সোনার তথ্য দেন তাদের ওপর এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া নতুন বিধান অনুযায়ী যদি কেউ সোনা অর্জনের সময় বা মূল্য উল্লেখ না করেন তবে বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থকেই মুনাফা হিসেবে ধরে ১৫ শতাংশ কর আদায় করা হবে।
এনএন/ ১৫ জুন ২০২৬









