ভারত-বাংলাদেশ সীমান্তে জনমিতিক পরিবর্তনের তদন্তে সহায়তার নির্দেশ অমিত শাহের

নয়াদিল্লি, ১৪ জুন – বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যগুলোতে অবৈধ অনুপ্রবেশের ফলে সৃষ্ট জনমিতিক পরিবর্তন খতিয়ে দেখতে গঠিত উচ্চপর্যায়ের কমিটিকে সব ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন কুমার ডেকা এবং ভারতের রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনার মৃত্যুঞ্জয় কুমার নারায়ণসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কমিটির কর্মপরিকল্পনা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে এবং তারা কার্যক্রম শুরু করেছেন।
গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে গঠিত এই বিশেষ কমিটির নেতৃত্বে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রকাশ প্রভাকর নাওলেকার। প্যানেলটি মূলত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলোসহ বিভিন্ন মহানগর ও শিল্পাঞ্চল পরিদর্শন করবে। সীমান্ত এলাকায় জনসংখ্যার ভারসাম্যে কোনো পরিবর্তন আসছে কি না এবং এতে অবৈধ অনুপ্রবেশের ভূমিকা কতটুকু, তা সরেজমিনে যাচাই করাই এই কমিটির প্রধান উদ্দেশ্য।
এর আগে গত ২ জুন অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ভারতের ১৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পরিচালিত বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রমের পর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিষয়টিও খতিয়ে দেখা হবে।
বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় ভোটার তালিকা হালনাগাদ এবং নাগরিকত্ব ইস্যু নিয়ে চলমান বিতর্কের সঙ্গে এই পদক্ষেপের গভীর যোগসূত্র রয়েছে। কমিটির কার্যপরিধি অনুযায়ী, তারা জনসংখ্যা স্থিতিশীল করার জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থার সুপারিশ করবে।
এ ছাড়া ভারতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ, আটক এবং নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে একটি সুসংগঠিত ও স্থায়ী পদ্ধতি গড়ে তোলার জন্য চূড়ান্ত সুপারিশমালা পেশ করা হবে। এটি পরোক্ষভাবে বাংলাদেশের ওপর ভূরাজনৈতিক চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিচারপতি নাওলেকার ছাড়াও কমিটিতে রয়েছেন উত্তরপ্রদেশের সাবেক প্রধান সচিব দুর্গা শঙ্কর মিশ্র, অবসরপ্রাপ্ত আইপিএস কর্মকর্তা বালাজি শ্রীবাস্তব এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শমিকা রবি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ সচিব এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এনএন/ ১৪ জুন ২০২৬









